Home Blog Page 98

আজ থেকে গরম কমতে পারে

ভ্যাপসা গরমে জীবন যখন অতিষ্ঠ, তখন কিছুটা সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, গরমের অনুভূতি আজ মঙ্গলবার থেকে কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, গত কয়েক দিন তাপমাত্রা খুব বেশি না থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি ছিল। এ কারণে গরমের অনুভূতি বেশি ছিল। তবে সোমবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তাই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান আরও বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। তার সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মিলিয়ে কয়েক দিন বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, মাইজদী কোর্ট অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। তা ছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। এ কারণে গরম বেশি অনুভূত হয়।

বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের জাপানে প্রবেশে কঠোর বিধিনিষেধ

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন এবং পেরু থেকে যেসব বিদেশি নাগরিক দেশটিতে ফিরছেন, তাদের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে। এসব দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শুক্রবার (৩১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ চারটি দেশ থেকে জাপানে প্রবেশ করতে হলে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদী ভিসাধারী এবং তাদের স্বামী-স্ত্রী বা সন্তানকে অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট এবং জাপানে যাওয়ার অনুমতিপত্র দেখাতে হবে।

আগামী শুক্রবার (৭ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে জাপানে যেতে এ ধরনের কোনো অনুমতিপত্র দেখানোর প্রয়োজন হতো না। আগামী ১ সেপ্টেম্বর থেকে জাপানগামী সব বিদেশি অধিবাসীর ওপরই এ বিধিনিষেধ আরোপ করা হবে। তবে এ চারটি দেশের জন্য আরও আগেই এ বিধিনিষেধ আরোপ করা হলো।

করোনা ভাইরাস শনাক্তের জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) টেস্ট অবশ্যই জাপানের উদ্দেশে যাত্রার আগের ৭২ ঘণ্টার মধ্যে করাতে হবে। আর জাপানে প্রবেশের অনুমতিপত্র জাপানের দূতাবাস থেকে সংগ্রহ করা যাবে। জাপানে প্রবেশের পর তাদের ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে এবং এ সময় তারা গণপরিবহন ব্যবহার করতে পারবেন না।

জাপান সরকারের তথ্য অনুযায়ী, ৩ এপ্রিল দেশটিতে করোনা ভাইরাস রুখতে ভ্রমণে বিধিনিষেধ জারি করার আগে প্রায় ২ লাখ বিদেশি নাগরিক দেশটি ছেড়ে গেছেন।

সূত্র: দ্য জাপান টাইমস

প্রাথমিকে সরাসরি ‘প্রধান শিক্ষক’ নিয়োগ হবে না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। পদোন্নতি পাবেন প্রধান শিক্ষকরাও।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘পিএসসি চেয়ারম্যানকে বলেছি আমাদের আর প্রধান শিক্ষক লাগবে না। সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দেওয়া হবে। ’

বর্তমানে প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়।

সচিব বলেন, ‘সহকারী শিক্ষক থেকে পদোন্নতি শতভাগ করে দেবো। বর্তমানে রয়েছে ৬৫ ও ৩৫ শতাংশ। পুরোটাই পাবেন সহকারী শিক্ষকরা। পিএসসি চেয়ারম্যান রিকুইজিশন চেয়েছিলেন। আমি বলেছি লাগবে না। পুরাতন একাটা রিকুইজিশন ছিল, সেটাও প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছি।’

প্রাথমিক অধিদফতর সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের প্রাথমিকের গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধনের পর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী দুটি বিধিমালার সমন্বয়ে একটি নতুন বিধিমালা করা হবে। এক বিধিমালার আওতায় শিক্ষক ও সব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ দেওয়া হবে। পিয়ন থেকে শুরু হবে প্রাথমিক শিক্ষার মহাপরিচালক পর্যন্ত একটি বিধিমালার আওতায় নিয়োগ দেওয়া হবে।

শিগগিরই সমন্বিত নিয়োগ বিধিমালার খসড়া করে একটি প্রস্তাব পাঠানো হবে মন্ত্রিপরিষদ বিভাগে। খসড়া বিধিমালা ও প্রস্তাবনা নিয়ে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘আগামী অক্টোবরের মধ্যে নিয়োগ বিধিমালা করে যেতে পারবো। তাহলে পদোন্নতিতে শিক্ষকদের কোনও সমস্যা থাকবে না। তাছাড়া চলতি দায়িত্বে যারা রয়েছেন, তাদের মধ্যে যারা যোগ্য তাদের প্রধান শিক্ষক করে দেওয়া হবে।’

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ‘এমএলএস থেকে মহাপরিচালক পর্যন্ত একটা নিয়োগ বিধিমালার আওতায় সবার জন্য ক্যারিয়ার প্ল্যান করা হচ্ছে। এটি মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি শিগগিরই জনপ্রশাসনে পাঠানো সম্ভব হবে।

চসিকের প্রশাসক হলেন খোরশেদ আলম সুজন

খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ আগস্ট আ জ ম নাছির উদ্দীন মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী পর্ষদের মেয়াদ পাঁচ বছর। এই হিসাবে বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল (৫ আগস্ট)।

নিয়মানুযায়ী মেয়াদপূর্তির ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে ২৯ মার্চ ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ নির্বাচন স্থগিত করেন ইসি।

স্থগিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তার বদলে নৌকার মনোনয়ন পান নগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন পান দলটির নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৪ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, মাইজদিকোর্ট অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একইসাথে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

খুলশীতে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

খুলশীতে নিখোঁজের ৩ দিন পর পশ্চিম জালালাবাদ আবাসিক এলাকার পাহাড় থেকে মো. রাসেল নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ।
মো. রাসেল (১৩) জালালাবাদ হাউজিং সোসাইটির বালুরপাড় প্রিন্স কলোনির হুমায়ূন কবিরের ছেলে। জানা যায়, গত ৩১ জুলাই বাসা থেকে বের হয়ে আর না ফেরায় খোঁজাখুঁজি করে রাসেলের পরিবার। পরে তার বাবা খুলশী থানায় রোববার (২ আগস্ট) সাধারণ ডায়েরি করেন
সোমবার (৩ আগস্ট) পাহাড়ের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে। পুলিশ রাত সাড়ে আটটার দিকে মরদেহটি উদ্ধার করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ স্কুলছাত্র রাসেলের পরিবার মরদেহ শনাক্ত করেছে। এই মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে

কক্সবাজারের ১৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত ১১ টার দিকে কুতুপালং কচুবনিয়া রাস্তার মাথা থেকে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর হাতে থাকা কালো রংয়ের পলিথিন তল্লাশী করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাবের নিয়মিত অভিযানিক চৌকস দল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮০ লক্ষ (আশি লক্ষ) টাকা প্রায়। কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-১৫।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত প্রেস নোটে রোহিঙ্গা যুবক আটক ও ইয়াবা উদ্ধারের বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। আটক মাদক ব্যবসায়ী কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ (ব্লক-এ-১১) এর আঃ মোতালেবের পুত্র আনোয়ারুল হক (২৫)

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করেছে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

র‌্যাব সূত্রে জানা যায়, রোহিঙ্গা ইয়াবা ডন মোহাম্মদ উল্লাহ কুতুপালং ১ নং ক্যাম্পের মর্গেজ পাহাড়ের চার শতাধিক রোহিঙ্গা নিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে গেলেও রয়ে গেছে প্রশাসনের ধরা ছোঁয়ার বাহিরে।

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৭ জন,সুস্থ ১১২ : মৃত্যু ১ জনের

জনতার ডেক্স : করোনায় গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হলেও নতুন শনাক্ত হয়েছেন আরো সতের জন। গত সোমবার (৩ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এইদিন ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় এই তথ্য জানা যায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১৪০টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৪ জন এবং উপজেলায় ৩জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১২ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করে ৯ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

পরীক্ষা বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ।

সিইউজে’র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে : তথ্যমন্ত্রী সংবাদপত্রকে টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার

সোমবার (৩ আগস্ট) সকালে সার্কিট হাউসে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, সাংবাদিকরা করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে কাজ করছেন। তাদের ন্যায়সঙ্গত পাওনা থেকে বঞ্চিত করা মোটেই কাম্য নয়। সেই ঝুঁকি নেয়ার বিষয়টি মূল্যায়ন করা দরকার।

তিনি বলেন, সরকার করোনার সংকটকালে সাংবাদিকদের প্রণোদনা দিয়েছে। করোনায় মৃত্যুবরণকারি সাংবাদিক পরিবারকে তিন লাখ টাকা করে অনুদান দিয়েছে। এ ধরনের প্রণোদনা ও অনুদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরে সাংবাদিকদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তথ্যমন্ত্রীকে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করাসহ সাংবাদিকদের কল্যাণে বহু কাজ করেছেন। তা ভবিষ্যতেও করে যাবেন।

তিনি বলেন, করোনাকালে আমি পত্রিকা মালিকদের বার বার অনুরোধ জানিয়েছিলাম যাতে বেতন ভাতা নিয়মিতভাবে পরিশোধ করেন। কিন্তু কিছু কিছু পত্রিকা মালিক পরিশোধ করলেও অনেকে তা পরিশোধ করেনি যা দুঃখজনক। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থস্তম্ভ। সংবাদপত্রকে টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। সাংবাদিকদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ না করলে তাদের মনোবল ভেঙ্গে যায়। তাদের মনোবল টিকিয়ে রাখতে না পারলে কর্মপরিবেশ থাকবে না। আমি মালিকদের আবারো অনুরোধ করব যাতে সাংবাদিকদের দেনা পাওনা নিয়মিত পরিশোধ করেন। তিনি বলেন, অনেকে আশংকা প্রকাশ করেছিলেন করোনা মহামারিতে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু তাদের সে আশংকা মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণেই তা হয়েছে। উন্নত দেশ এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর চাইতেও বাংলাদেশে মৃত্যু হার অনেক কম।