Home Blog Page 98

দেশে করোনার ২য় পর্যায়ের ধাক্কা আসতে পারে : ডা. বেনজির

0

মহামারি করোনাভাইরাসে দেশে দ্বিতীয় পর্যায়ের ধাক্কা লাগতে পারে বলে গণমাধ্যমে আশঙ্কা প্রকাশ করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. বেনজির আহমেদ। দীর্ঘ সময় ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও মহামারি করোনাভাইরাসে আক্রান্তের হার বাংলাদেশে নিম্নমুখী না হওয়ার কারণ হিসেবে তিনি একথা বলেন।

 ডা. বেনজির আহমেদ বলেন, যেসব দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারা যে কাজগুলো সঠিকভাবে করেছে আমরা সেই কাজগুলো সঠিকভাবে করতে না পারার কারণেই আমাদের দেশে করোনাভাইরাস দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও নিম্নগামী হচ্ছে না। এক্ষেত্রে চীনের উদাহরণ দেওয়া যেতে পারে। চীন খুব কম সময়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করছে। চীন থেকেই করোনা ভাইরাসের শুরু হয়। চীনের আগে কোনো দেশেতো করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়নি।

 ‘করোনাভাইরাস সম্পর্কে চীনের কোনো অভিজ্ঞতাই ছিল না। তারপরেও তারা তো খুব কম সময়েই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করেছে। দেড়শ কোটি লোকের বাসস্থান চীনে, তারা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করে ফেললো। চীন কী করেছে- ট্রেসিং, আইসোলেশন, কোয়ারেন্টিন এবং লকডাউন। পাশাপাশি থাইল্যান্ড, ভিয়েতনাম অস্ট্রেলিয়া সঠিকভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করেছে। এই কাজগুলো সঠিকভাবে করতে না পারার কারণেই আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পারছি না।

 করোনাভাইরাস বিষয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমাদের দেশে হয়তো করোনাভাইরাসের সেকেন্ডারি একটা ওয়েব আসতে পারে। আমাদের দেশের চিত্রটা হয়তো যুক্তরাষ্ট্র কিংবা ভারতের মতো হতে পারে। কিছুদিন করোনাভাইরাস দম ধরে থেকে আবারো ঊর্ধ্বগতিতে যেতে পারে। আমরা একদিকে ট্রেসিং করতে পারছি না, আক্রান্ত ব্যক্তিদের ট্রেসিং করে আইসোলেটেড করা, কোয়ারেন্টিন করা, তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদের আইডেন্টিফাই করা, এগুলোর কোনটাই সঠিক ভাবে হচ্ছে না।

 ‘করোনাভাইরাসের মতো একটা জীবাণু, সেটাতো আর বসে থাকবে না। লোকজনের মাস্ক পরা কমে যাচ্ছে, অফিস আদালত খুলে যাচ্ছে, পরিবহনও চলছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে করোনাভাইরাস যদি নিজেই নিজেকে নিয়ন্ত্রণ না করে, সংক্রমণের ক্ষমতা কমিয়ে না ফেলে, তাহলে বাংলাদেশ সেকেন্ডারি একটা ওয়েবের দিকে যাবে। ’

 বর্তমানে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য করণীয় জানতে চাইলে আইইডিসিআরের সাবেক এ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কিছুটা আক্ষেপ করে বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য করণীয় বিষয় আমরাতো বহুবার বলেছি। আমরাতো বলেই যাচ্ছি, কিন্তু যারা প্রয়োগ করার কথা তারাতো কানে তুলো দিয়ে বসে আছে। এখন সব থেকে জরুরি হলো করোনাভাইরাসের হট স্পটগুলোতে অনুসন্ধান চালানো, কারা ওইসব স্পটের লোকজনের সংস্পর্শে এসেছেন। তাদের ট্রেস করা। এখন জরুরিভিত্তিতে এন্টিজেন কিট দিয়ে দ্রুত করোনাভাইরাস শনাক্তের ব্যবস্থা করা। বাড়িতে বসেই যেন ১৫ মিনিটের মধ্যেই করোনা আক্রান্তদের শনাক্ত করা যায়। 

 ‘এরপর আক্রান্ত ব্যক্তিদের দ্রুত আইসোলেটেড করার ব্যবস্থা করা। ঠিক একইভাবে যারা করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন তাদের কোয়ারেন্টিন করা। মানুষের চলাচল সীমিত করা। ঠিক যেমনটা আমরা পূর্ব রাজাবাজার ও ওয়ারীতে করেছি। এগুলোর কোনোটাই তো এখন হচ্ছে না। আমরা শুধু বলেই যাচ্ছি। কিন্তু করার কেউ নেই।

বৈরুতে বিস্ফোরণে নিহত বেড়ে ১৩৫, জরুরি অবস্থা জারি

0

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৩৫ জনে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ হাজার মানুষ।

মঙ্গলবার রাতে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণে এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংলিষ্টরা।

এদিকে রাজধানীজুড়ে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ দুর্ঘটনায় বৈরুতের অন্তত তিন লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলেও জানান স্থানীয় গভর্নর মারওয়ান আবৌদ।
ভয়াবহ ওই বিস্ফোরণের পর রাজধানীর নিরাপত্তা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় শহরটির অর্ধেকই ধূলিসাৎ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

ভয়াবহ এই বিস্ফোরণের পর বৈরুতের হাসপাতালগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। স্থান সংকটের কারণে হাসপাতালের বাইরেই আহতদের সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া হাসপাতালে অভিযান নিষেধ

0

অনুমতি ছাড়া সরকারি-বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে অভিযান পরিচালনা না করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোথাও কোনো হাসপাতালে অভিযান পরিচালনা করতে হলে অবশ্যই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

বুধবার রাতে মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা জারি করা হয়। ঘোষণায় বলা হয়, করোনা মহামারী প্রাদুর্ভাবের পর থেকে দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নানা বিষয়ে অভিযান পরিচালনা করছে। একটি হাসপাতালে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করায় তাদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এক ধরনের চাপা অসন্তোষ বিরাজ করছে। ইতোমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালের সার্বিক কার্যক্রম দেখার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। যেখানে জননিরাপত্তা বিভাগের একজন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা সদস্য হিসেবে রয়েছেন। ভবিষ্যতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অপারেশন পরিচালনা করার প্রয়োজনীয়তা দেখা দিলে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে পরামর্শ করে সেটি করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, যে কোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান পরিচালনা করা থেকে বিরত থাকতে এবং জরুরি অভিযান পরিচালনার প্রয়োজন হলে স্বাস্থ্যসেবা বিভাগ এবং চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করতে হবে।

বৈরুতের ঘটনা হৃদয়বিদারক-মর্মস্পর্শী : ফখরুলবৈরুতের ঘটনা হৃদয়বিদারক-মর্মস্পর্শী : ফখরুল

0

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচণ্ড বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনা হৃদয়বিদারক-মর্মস্পর্শী। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এ ঘটনায় অনেকে নিহত হয়েছেন।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মর্মস্পর্শী এ ঘটনায় আমি ভাষা হারিয়ে ফেলেছি। ইতিহাসে এ ভয়ঙ্কর বিস্ফোরণের নজির পাওয়া দুষ্কর। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো বৈরুত কেঁপে ওঠে, বিভিন্ন ভবনের জানালা ও দরজার কাঁচ ভেঙ্গে যায় এবং অনেক ভবনের বেলকোনি ধসে পড়ে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এ ক্রান্তিকালে লেবাননবাসী ও তাদের সরকার যে অসীম ধৈর্য্যধারণ করে পরিস্থিতি সামাল দিচ্ছে, তা নিঃসন্দেহে বিশ্বসম্প্রদায়কে অনুপ্রাণিত করবে।

লেবাননের সরকার ও জনগণ অতিদ্রুত এ সংকট কাটাতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী। আমি লেবাননের শোকার্ত জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এ মর্মান্তিক বিস্ফোরণে লেবাননবাসীর বেদনার সঙ্গে আমিও সমব্যথী। চারজন বাংলাদেশিসহ যারা ওই বিস্ফোরণে নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি এবং বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্যসহ চার সহস্রাধিক আহত মানুষের আশু সুস্থতা কামনা করছি, যোগ করেন ফখরুল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন খোরশেদ

0

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন খোরশেদ আলম সুজন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় চসিক প্রশাসকের চেয়ারে বসেন তিনি।

উল্লেখ্য, চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ গতকাল বুধবার শেষ হয়।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি, জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন চেয়ারে বসে টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে সংস্থার বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, সিটি হল চসিক আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়াসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস, বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড়ধসের আশঙ্কা থাকায় নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মেজর সিনহা হত্যা: প্রদীপ, লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মো. লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের কক্সবাজার আদালতে বুধবার একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত ৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ ঘটনায় নয় পুলিশ সদস্যসহ ১৭ জনকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সিনহা নিহত হওয়ার সময় ওই আসামিরা উপস্থিত ছিলেন।

আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি আমলে নিয়ে সেটি টেকনাফ থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করতে নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি হত্যা মামলাটি তদন্তের জন্য কক্সবাজারের র‌্যাব-১৫-কে দায়িত্ব দিয়ে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলার এজাহারে সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস অভিযোগ করেন, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের নির্দেশে পুলিশ পরিদর্শক লিয়াকত আলী তার ভাইকে গুলি করে হত্যা করেন। বাদী উল্লেখ করেন যে ঘটনার কিছুক্ষণ পর ওসি প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে আসেন। তিনি এসেই তখনও জীবিত থাকা সিনহাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তার শরীরে লাথি মারেন। মৃত্যু নিশ্চিত হলে একটি গাড়িতে তুলে সিনহাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়।

মামলার অন্য আসামিরা হলেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) টুটুল ও কনস্টেবল মোহাম্মদ মোস্তফা।

সোনাগাজী উপজেলায় সবুজ আন্দোলন’র বৃক্ষরোপন অভিযান

0

সবুজ আন্দোলনের উদ্যোগে গত ৫ ই আগস্ট সোনাগাজীতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে সোনাগাজী থানার পালগিরী গ্রামের হাজী আবদুল গনি সওদাগর বাড়িতে কয়েক শতাধিক গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপন অভিযানকালে সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা সবুজ আন্দোলন মুলত জলবায়ু সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করছি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবীতে নিয়মিত কর্মসূচি করলেও সামাজিক বনায়নের কোন বিকল্প নেই।

বৃক্ষরোপন কর্মসূচির প্রধান অতিথি চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক , ডা.মোতাহের হোসাইন সেলিম বলেন, সরকার যখন সারাদেশে অবৈধ দখলকৃত জায়গা উচ্ছেদ অভিযান করছে তখন থেকে বলছি উচ্ছেদকৃত জায়গায় স্থায়ীভাবে বৃক্ষরোপন করলে ২৫ % বনায়ন সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী থানা শাখার সদস্য মুজাহিদুল ইসলাম ,আবদুল্লাহ, ইসমাঈল হোসেন নাহিম,মাহমুদুল হাসান, নকিব,এমদাদ বিন ডা. মাজেদ সহ সবুজ আন্দোলনের বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ।

নেত্রকোণার হাওরে ডুবে প্রাণ হারালেন একই পরিবারের ৮ জনসহ ১৭ জন

0

নেত্রকোণার মদনে হাওরে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন একই পরিবারের ৮ জনসহ ১৭ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে একজন।
অতিরিক্ত যাত্রীর কারণে এ দুর্ঘটনা বলে জানিয়েছেন বেঁচে ফেরা যাত্রীরা।

জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে হাওরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন ময়মনসিংহের চরসিরতা ইউনিয়ের মারকাযুস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। সঙ্গে নেন দুই ছেলে, দুই ভাতিজা, দুই ভাতিজি ও ভাগ্নেকে।

বুধবার (৫ আগস্ট) সকালে নেত্রকোণার উচিতপুর ঘাট থেকে পরিবারের ৮ জনসহ ৪৮ জন একটি ট্রলার ভাড়া করেন। দুপুর ১টার দিকে গোবিন্দশ্রীর রাজালীকান্দা এলাকায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। জীবন বাঁচাতে সাঁতরে ৩০ জন তীরে উঠলেও, মাহফুজুর রহমান ও তার পরিবারের ৭ জনসহ প্রাণ হারান ১৭ জন।

নিহতরা হলেন- মাদরাসায়ে মারকাজুস সুন্নাহ’র মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান (৪৫), তার ছেলে হাফেজ মাহবুবুর রহমান আসিফ (১৫) ও মাহমুদুর রহমান (১২), ভাতিজা কোনাপাড়া গ্রামের ফজর আলীর ছেলে জোবায়ের (২২) ও মুজাহিদ মিয়া (১৭), ভাগিনা একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রেজাউল করিম (১৬) ও মোবাইল ব্যবসায়ী জাহিদ (২০), চরখরিচা গ্রামের কৃষক ইসা মিয়া (৪০) ও তার ছেলে শামীম (১০), কোনাপাড়া গ্রামের বাছির উদ্দিনের ছেলে মাদ্রাসা শিক্ষক আজাহারুল ইসলাম (৩৮), ইদ্রিস আলীর ছেলে মাদ্রাসা শিক্ষক হামিদুল (৩৫), আব্দুর রশিদের ছেলে মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম রতন (৩০), লক্ষ্মীপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক জহিরুল ইসলাম (৩৫), কোনাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাদ্রাসা শিক্ষক রাকিব (২০) ও চরগোবিন্দপুরের তালেব মেম্বারের ছেলে শহিদুল (৪০) এবং গৌরীপুর উপজেলার ধোপাজাঙ্গালিয়া গ্রামের আবুল কালামের ছেলে শফিকুর রহমান (৪০) ও তার ছেলে সামাআন (১০)।

স্থানীয় প্রশাসন জানায়, ট্রলারটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী পরিবহণে সক্ষম হলেও, সেখানে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। যে কারণেই এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে ১৫ জন ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের ভবানীপুর, কোনাপাড়া, খরিচা ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বাকি দুজন নেত্রকোণার মদন উপজেলার। এ ঘটনায় নিখোঁজ রাকিবের বাড়িও কোনাপাড়া গ্রামে। এদিকে ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

প্রতি ভরি স্বর্ণের দাম ৭৭২১৫ টাকা

0

দেশের বাজারে ১১ দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরি প্রতি বেড়েছে ৪ হাজার ৪৩২ টাকা। ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭৭ হাজার ২১৫ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে অলঙ্কার তৈরির এ ধাতু। এর আগে চলতি বছরের ২৪ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ২১৫ টাকা। বুধবার পর্যন্ত মানের স্বর্ণের দাম রয়েছে ৭২ হাজার ৭৮৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৪ হাজার ৬৬ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৬৩৪ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৬৫ হাজার ৩১৮ টাকা। বর্তমানে দাম রয়েছে ৬০ হাজার ৮৮৬ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ৯৯৫ টাকা। বুধবার পর্যন্ত দাম রয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকা। অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, তেলের দর পতন ও নানাবিধ অর্থনৈতিক সমীকরণের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ কোঠায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মারেবকটেও স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুয়েলারি মালিকরা নতুন দামে স্বর্ণ বিক্রি করবেন।

বন্দরে বঙ্গবন্ধুর জৈষ্টসন্তান শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকীতে খাদ্য সহায়তা পেল এক হাজার পরিবার

0

বন্দরে বঙ্গবন্ধুর জৈষ্টসন্তান, আবহানীর প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও এক হাজার নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সাবেক কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক কাউন্সিলর পদপ্রার্থী সালাউদ্দিন বাবর। ছাত্র নেতা অাবু নাছের জুয়েলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র প্রার্থী জননেতা রেজাউল করিম চৌধুরী।

উপস্থিত ছিলেন, ৩৭ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সহ সভাপতি মো.নাছির, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ, মাইজভান্ডারি দরবার শরীফের খাদেম গাজী মো. সালাউদ্দিন, যুবলীগ নেতা অানিফুর রহমান লিটু, যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলা, নূর নবী পারভেজ, ইকবাল হোসেন, ফরহাদ আবদুল্লাহ, সজীবুল ইসলাম সজীব, মো রানা এজাহারুল হক, মো. আমিন, খোরশেদ আলম, রেজাউল করিম মামুন, নারী শক্তি সংগঠনের রুনা আক্তার, একতা সংঘের মো সোহেল রানা, ওয়ার্ড যুবলীগ নেতা আবদুল জব্বার রনি, একতা সংঘের সভাপতি মো রমজান, মাহমুদূর রহমান বাপ্পী, নগর ছাত্রলীগের পাঠচক্র সম্পাদক সাজ্জাদ হোসেন, মো ইসমাইল, নূর ইসলাম রিয়াদ, কায়সার আলম, মনিরুল হক, মইনুল হাসান সোয়ান প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, শেখ কামালের জন্মদিনে দেবাশীষ পাল দেবু হাজার মানুষের পাশে দাঁড়ানোর মত মানবিক কাজের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। দেবাশীষ পাল দেবু চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ডে নিরলস ভাবে মানবতার সেবাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
যদিও করোনা পরিস্থিতিতে মানুষের আর্থিক অবস্থা নাজুক। মহামারি করোনা আমরা সকলের প্রচেষ্টায় পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছি। সমাজের বিত্তবানদেরকেও ত্রাণ বিতরণ ও সহায়তায় এগিয়ে আহ্বান জানান তিনি। আমি মনে করি এখনই মানুষের পাশে দাঁড়ানোর উত্তম সময়। রাজনৈতিক নেতাদের কাজ এখন মানুষের পাশে থাকা। আমি মানুষের পাশে আছি এবং থাকব।