চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়কে পড়ে যাওয়া এক শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনায় ক্রেনচালককে গ্রেপ্তার করেছে ইপিজেড থানার পুলিশ।
গত শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীতে দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নাফিসা নাওয়াল (১৯) চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
গ্রেপ্তার ক্রেনচালকের নাম শামীম বিশ্বাস (৩১)। তাঁর বাবার নাম মো. টিপু সুলতান ও মায়ের নাম ছালেহা বেগম। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট বেপারীপাড়ায়। তিনি চট্টগ্রামে ম্যাক্স কোম্পানির ক্রেনের চালক হিসেবে কর্মরত ছিলেন।
নাফিসার বাবা মামুনের করা এজাহারের ভিত্তিতে ২২ আগস্ট ইপিজেড থানায় মামলা হয়। মামলাটির নম্বর ১০। এতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হেফাজ উদ্দিনসহ পুলিশের একটি দল আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তার শামীম বিশ্বাসকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।


