Home Blog Page 78

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও দিয়ে গুজব ছড়িয়ে অপপ্রচার-আটক রিমন শীল

0

নগরের কোতোয়ালী এলাকা থেকে রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকান্ডের নৃশংস ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকান্ড বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রতি অপপ্রচারের অভিযোগে রিমন শীল নামে এক জনকে আটক করেছে র্যাব-৭।

শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় তাকে আটক করা হয়। আটক রিমন শীল কর্ণফুলী থানার শাহী মিরপুর ফকিনিরহাট এলাকার বিজয় শীলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার বলেন, রাজধানী পল্লবীর সাহিনুদ্দীনকে গত ১৬ মে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকান্ডের ভিডিও বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করে অপপ্রচারের প্রচেষ্টা চালাচ্ছে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৭ গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। একপর্যায়ে তাকে কোতোয়ালী মোড় এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর কথা শিকার করেন। এছাড়া সে সর্বপ্রথম ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমোভ্যালীর উদ্যোগে আমজাদিয়া খতিজাদুল কোবরা হাফেজ ও মহিলা মাদ্রাসায় বৃক্ষ রোপন

0

ফটিকছড়ি জাফর নগর ইউনিয়ন জাহান পুর গ্রামে গত ২৩ অক্টোবর দুপুর ১২ টায় আমজাদিয়া খতিজাদুল কোবরা হাফেজ ও মহিলা মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমোভ্যালীর নেতৃবৃন্দ।

ফটিকছড়ি বিভিন্ন স্হানে লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমোভ্যালীর উদ্যোগে খাদ্য সামগ্রী,শিক্ষা সামগ্রী, সুরক্ষা সামগ্রী, সিমেন্ট বিতরণসহ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক জোন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম ও লায়ন মোঃ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা লায়ন মাহাবুবুল আলম, ক্লাব সভাপতি লায়ন মোঃ ইয়াছিন ফারুক, সহ-সভাপতি লায়ন এ, এস, এম সাজ্জাদুল ইসলাম চৌধুরীর, ক্লাব সেক্রেটারী লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরী, লায়ন শহীদুল আলম করিমসহ জোহরা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল করিম চৌধুরী।

আকবরশাহে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

0

নগরীর আকবরশাহ এলাকা থেকে ২৬ গ্রাম হেরোইনসহ মো. মানিক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার মানিক বরিশাল জেলার গৌরনদী থানার কালনার মৃত আব্দুল মজিদ ফরাজীর ছেলে।
শুক্রবার (২২ অক্টোবর) রাত ১০টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১০টায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তার মানিককে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

এবার লঞ্চের কেবিনে মিলল অজ্ঞাতনামা নারীর লাশ

0

ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) সকালে ডবল ডেকার ‘সম্রাট-৭’লঞ্চের স্টাফ কেবিন থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চটি ঘাটে পৌঁছানোর পর নিচতলার স্টাফ কেবিনে ওই নারী লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

কুমিল্লার ইকবাল ৭ দিনের রিমান্ডে

0

কুমিল্লার ঘটনায় ধর্ম অবমাননা মামলার প্রধান আসামি ইকবাল হোসেনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিথিলা জাহান নিপা এ আদেশ দেন।

এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যান্যরা হলেন, জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করা ইকরাম, দারোগা বাড়ির মাজারের অস্থায়ী খাদেম ফয়সাল ও হুমায়ন কবীর।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির জানান, যেহেতু এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে সেহেতু তারা কাদের প্ররোচনায় এমন কাজ করেছে তা এখনো স্পষ্ট জানা যাচ্ছে না। ধর্মীয় অনুভূতি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর ভোরে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে একটি অস্থায়ী পূজামণ্ডপে প্রতিমার পায়ের ওপর পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার জের ধরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা করতে যাওয়া একদল ব্যক্তির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে নিহত হন চারজন। পরের দিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা-ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় দুজন নিহত হন।

এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। দেশের আরও অনেক এলাকায় হিন্দুদের মন্দির, মণ্ডপসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।

শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের অবস্থান ও গণ-অনশন

0

সারা দেশে প্রতিমা ভাঙচুর, পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ শনিবার (২৩ অক্টোবর)সকাল ছয়টা থেকে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে এবং আয়োজনে সারা দেশে গণ–অনশন, গণ–অবস্থান চলছে।‌ এরই অংশ হিসেবে শাহবাগে চলছে কেন্দ্রীয় কর্মসূচি।

কর্মসূচি থেকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার বিচারের দাবি জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এই হামলা শুধু হিন্দুদের ওপর হামলা নয়, গোটা বাঙালির ওপর হামলা। প্রশাসনের গাফিলতির কারণে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। তাদের একটা অংশ এর জন্য দায়ী। তিনি বলেন, এবারের পূজাতে যে ঘটনা ঘটেছে, এর পুনরাবৃত্তি যেন না হয়, তা আটকানো উচিত।

এ কর্মসূচির সভাপতিত্ব করছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক। গণ–অনশন, গণ–অবস্থানে গণফোরাম নেতা সুব্রত চৌধুরী বলেন, সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আমরা সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ। এ সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যবসা করে। সাংবিধানিকভাবে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে, আবার রাষ্ট্রকে বলা হয় ধর্মনিরপেক্ষ, এটি চরম ভাঁওতাবাজি। ভাঁওতাবাজি করে রাষ্ট্র চলতে পারে না।

দেশের অর্থনীতির স্বার্থে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে – বাংলাদেশ ব্যাংক গভর্ণর’র প্রতি চিটাগাং চেম্বার সভাপতির আহবান

0

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম দেশের অর্থনীতির স্বার্থে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক গভর্ণর ফজলে কবির’র প্রতি ২১ অক্টোবর এক পত্রের মাধ্যমে আহবান জানিয়েছেন। পত্রে তিনি বলেন-অতি সম্প্রতি মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। গত সপ্তাহে ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস পেয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ১৮ অক্টোবর সোমবার আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৬.২০ টাকা পর্যন্ত। অন্যদিকে খোলা বাজারে ও নগদ মূল্যে ডলার বিক্রি হয়েছে ৮৯.৫০ টাকা পর্যন্ত। সংশ্লিষ্টরা এই দাম আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে আশংকা করছেন। গত বছর দেশে করোনা ভাইরাস মহামারী দেখা দেওয়ার আগে ফেব্রুয়ারিতে ডলারের মূল্য সর্বোচ্চ ৮৪ টাকা ৯৫ পয়সা উঠেছিল যা সেই সময়ে ডলারের সবচেয়ে শক্তিশালী অবস্থান হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশের ক্রমবর্ধমান অথনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতিসহ সব ধরণের পণ্যের আমদানি বাড়ছে। ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বাংলাদেশেও করোনার মধ্যেই সরকার শিল্প কারখানা পুরোদমে খুলে দেয়ার নির্দেশনা প্রদান করায় বর্তমানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ প্রেক্ষাপটে টাকার বিপরীতে ডলারের হঠাৎ মূল্য বৃদ্ধিতে আমদানিকৃত ভোগ্যপণ্য, মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামালের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ আর্থিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে যার দায়ভার শেষ পর্যন্ত ভোক্তাসাধারণকেই বহন করতে হবে। একই সাথে মহামারীগ্রস্ত অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে যা অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে তিনি উল্লেখ করেন।

পত্রে তিনি আরও বলেন-দেশে আমদানি ও রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি অক্ষুন্ন রাখতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার বিশেষ করে ডলারের মূল্য সব সময় গ্রহণযোগ্য পর্যায়ে স্থিতিশীল রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে যথাযথ নির্দেশনা প্রদানের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে থাকে। বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থা রক্ষা করার লক্ষ্যে ডলারের মূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের আশু হস্তক্ষেপ একান্তই অপরিহার্য উল্লেখ করে ডলারের বাজারে যেকোন ধরণের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে এবং টাকার মূল্যমান বজায় রেখে দেশের অর্থনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থা নিশ্চিতকল্পে টাকার বিপরীতে ডলারের উচ্চমূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক গভর্ণরের প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সিএমপি ট্রাফিক বিভাগের লিফলেট বিতরণ

0

নগরীর ইপিজেড সড়ক মোড়ে শুক্রবার (২২ অক্টোবর) সকালে ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’- স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বন্দর শাখা। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নগরীর ইপিজেড সড়ক মোড়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সিএমপির উপপুলিশ কমিশনার শাকিলা সোলতানা। এসময় উপস্থিত ছিলেন এসি ট্রাফ্রিক (বন্দর) মিজানুর রহমান, টিআই প্রশাস (বন্দর) রেজাউল করিম খান, টিআই ইপিজেড সেলিমুর রহমান, টিআই সল্টগোলা, টিআই কর্ণফুলী, টিআই বন্দর, টিআই পতেঙ্গা সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে শাকিলা সোলতানা বলেন, সড়ককে নিরাপদ করতে এবং সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার সড়ক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।

সাম্প্রদায়িক হামলাকারীদের বিশেষ ট্রাইব্যুনাল করে বিচারের দাবি

0

সাম্প্রদায়িক হামলাকারীদের বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস দমনের আওতায় এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

শনিবার (২৩ অক্টোবর) দেশব্যাপী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুষ্পষ্ট নির্দেশনার পরও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য দায়িত্ব পালনে গাফিলতি ও অবহেলা করেছেন এবং যেসব জনপ্রতিনিধি সাম্প্রদায়িক সন্ত্রাসীদের মোকাবিলায় এগিয়ে আসেননি, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন গঠন দ্রুত বাস্তবায়নের দাবি জানান এই নেতা।

রানা দাশগুপ্ত শারদীয় দুর্গোৎসব চলাকালীন দেশের বিভিন্ন জেলায় মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় নিহতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দানসহ ১১ দফা দাবি তুলে ধরেন। দুর্গাপূজায় মণ্ডপ ও মন্দিরে প্রতিমা ভাঙচুর, ঘরবাড়িতে লুটপাট এবং হত্যার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সারা দেশে এ কর্মসূচির ডাক দেয়।

গণ-অবস্থান থেকে পূজা উদ্‌যাপন পরিষদ ঘোষিত আগামী ৪ নভেম্বর শ্যামা পূজায় দীপাবলি উৎসব বর্জন ও সন্ধ্যা ৬টা থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত কালো কাপড়ে মুখ ঢেকে মন্দিরে অবস্থান, মন্দির-মণ্ডপ ফটকে কালো কাপড়ে সাম্প্রদায়িক সহিংসতাবিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার টাঙানোর প্রতিবাদী কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সমাবেশ থেকে ফেব্রুয়ারিতে এসব দাবির সমর্থনে চলো চলো ঢাকা চলো শীর্ষক প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়।

পরিষদের নেতা ইন্দু নন্দন দত্ত বলেন, ৭৪ বছরে এই প্রথম সংখ্যালঘুরা রানা দাশগুপ্তের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য এগিয়ে নিয়ে অধিকার আদায় করতে হবে। নির্যাতনের বিচার করতে হবে।

ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী বলেন, বিচারহীনতার কারণে সাম্প্রদায়িক ঘটনা মাথাচাড়া দিয়েছে। অতীতের সহিংসতার বিচার এখনো হয়নি। সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ইপিজেডে মা ও শিশু হাসপাতালের নির্বাচনে ডাঃ আনজুমান আরা-ডাঃ আরিফুল আমীন পরিষদের প্রচারনা ও মতবিনিময়

0

নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় ফ্যামিলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ২২ অক্টোবর বিকেল ৪ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নির্বাচন উপলক্ষে ডাঃ আনজুমান আরা-ডাঃ আরিফুল আমীন পরিষদের প্রার্থীদের প্রচারনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতাল নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডাঃ আরিফুল আমীন, সদস্য প্রার্থী ডাঃ হোসেন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক হাকিম মো.সেলিম রেজা, মো. আলী আহমেদ, মো.ফয়সাল, খান মোহাম্মদ সাইফুল, মো.মারুফ রহমান মনু, মো.গিয়াস উদ্দীন, মো.আনোয়ার হোসেন,মো.আনোয়ার হোসেন রাসেল, উত্তম মজুমদার প্রমুখ।

বক্তারা মা ও শিশু হাসপাতালের নির্বাচনী প্রচারনায় ডাঃ আনজুমান আরা-ডাঃ আরিফুল আমীন পরিষদকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।