চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় নিউমুরিং রোডে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।
পুলিশ জানায়, ২০ জুলাই সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার এস আই মোহাম্মদ শাহীন মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। নিউমুরিং রোড সাকিনের মীরাপাড়ায় সোলেমান কোম্পানির বাড়ির প্রকৌশলী শাহাদাতের চারতলা ভবনের চতুর্থ তলার ৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে হাতেনাতে আটক করে ইপিজেড থানার পুলিশ।
অভিযানে জুয়ার আসর থেকে তাস এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এছাড়া ১১ নম্বর আসামি আব্দুস সালাম ভাড়াকৃত কক্ষটি জুয়া খেলার জন্য ব্যবহার করতে দিতেন এবং নিয়মিত সেখানে জুয়ার আসর বসাতেন বলেও অন্যান্য আসামিরা জানিয়েছেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, মাদক,জুয়া, সন্ত্রাস,চাঁদাবাজি এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের জিরো টরালেন্স অব্যাহত থাকবে। জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

