দেশের অর্থনীতির স্বার্থে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে – বাংলাদেশ ব্যাংক গভর্ণর’র প্রতি চিটাগাং চেম্বার সভাপতির আহবান

চট্টগ্রাম মহানগরদেশের অর্থনীতির স্বার্থে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে - বাংলাদেশ ব্যাংক গভর্ণর’র প্রতি চিটাগাং চেম্বার সভাপতির আহবান

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম দেশের অর্থনীতির স্বার্থে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক গভর্ণর ফজলে কবির’র প্রতি ২১ অক্টোবর এক পত্রের মাধ্যমে আহবান জানিয়েছেন। পত্রে তিনি বলেন-অতি সম্প্রতি মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। গত সপ্তাহে ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস পেয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ১৮ অক্টোবর সোমবার আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৬.২০ টাকা পর্যন্ত। অন্যদিকে খোলা বাজারে ও নগদ মূল্যে ডলার বিক্রি হয়েছে ৮৯.৫০ টাকা পর্যন্ত। সংশ্লিষ্টরা এই দাম আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে আশংকা করছেন। গত বছর দেশে করোনা ভাইরাস মহামারী দেখা দেওয়ার আগে ফেব্রুয়ারিতে ডলারের মূল্য সর্বোচ্চ ৮৪ টাকা ৯৫ পয়সা উঠেছিল যা সেই সময়ে ডলারের সবচেয়ে শক্তিশালী অবস্থান হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশের ক্রমবর্ধমান অথনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতিসহ সব ধরণের পণ্যের আমদানি বাড়ছে। ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বাংলাদেশেও করোনার মধ্যেই সরকার শিল্প কারখানা পুরোদমে খুলে দেয়ার নির্দেশনা প্রদান করায় বর্তমানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ প্রেক্ষাপটে টাকার বিপরীতে ডলারের হঠাৎ মূল্য বৃদ্ধিতে আমদানিকৃত ভোগ্যপণ্য, মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামালের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ আর্থিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে যার দায়ভার শেষ পর্যন্ত ভোক্তাসাধারণকেই বহন করতে হবে। একই সাথে মহামারীগ্রস্ত অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে যা অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে তিনি উল্লেখ করেন।

পত্রে তিনি আরও বলেন-দেশে আমদানি ও রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি অক্ষুন্ন রাখতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার বিশেষ করে ডলারের মূল্য সব সময় গ্রহণযোগ্য পর্যায়ে স্থিতিশীল রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে যথাযথ নির্দেশনা প্রদানের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে থাকে। বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থা রক্ষা করার লক্ষ্যে ডলারের মূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের আশু হস্তক্ষেপ একান্তই অপরিহার্য উল্লেখ করে ডলারের বাজারে যেকোন ধরণের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে এবং টাকার মূল্যমান বজায় রেখে দেশের অর্থনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থা নিশ্চিতকল্পে টাকার বিপরীতে ডলারের উচ্চমূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক গভর্ণরের প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles